এএসআইয়ের মাথা ফাটানোর ঘটনায় মামলা
রাজশাহী নগরীতে মাদক বিক্রেতার খোঁজ করতে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
মতিহার থানার ওসি হুমায়ূন কবির জানান, শনিবার রাতে আহত এএসআই শামিউল হক বাদী হয়ে মতিহার থানায় মামলাটি করেন।
শমিউল মতিহার থানায় কর্মরত রয়েছেন।
ওসি বলেন, “মামলায় ঠিকাদার শিমুল হোসেনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। বাকিরা মাদক বিক্রেতা ও তাদের সহযোগী।”
শনিবার গ্রেপ্তারি পরোয়ানার মাদক বিক্রেতাদের খোঁজ নিতে সাদা পোশাকে খোঁজাপুর এলাকায় গেলে ‘এক মাদক বিক্রেতা’ তাকে বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে কৌশলে নির্জন এলাকায় নিয়ে যায়।
সেখানে আরও কয়েকজন মাদক বিক্রেতা তাকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় তার পিস্তল কেড়ে নিলেও পরে ফেরত দিয়ে তারা পালিয়ে যায়।
বাঁশের আঘাতে শামিউলের মাথা ফেটে যায়। সেখানে চারটি সেলাই দেওয়া হয় বলে ওসি হুমায়ূন জানান।
ওসি বলেন, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা, হত্যার চেষ্টা ও সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
