২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসআইয়ের মাথা ফাটাল মাদক বিক্রেতারা

রাজশাহী নগরীতে এক এএসআইকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে মাদক বিক্রেতারা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 08:06 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

শনিবার সন্ধ্যায় নগরীর খোঁজাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন।

আহত এএসআই শামীউল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, গ্রেপ্তারি পরোয়ানার মাদক বিক্রেতাদের খোঁজ খবর নিতে সাদা পোশাকে খোঁজাপুর এলাকায় যান এএসআই শামীউল হক । এ সময় এক মাদক বিক্রেতা বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে তাকে কৌশলে নির্জন এলাকায় নিয়ে যায়।

“সেখানে কয়েকজন মাদক বিক্রেতা শামীউলের উপর হামলা চালিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে।”

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান বলেন, লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে। সেখানে চারটি সেলাই দেওয়া হয়েছে।

তাছাড়াও তার শরীরে একাধিক লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।