কুমিল্লায় ইউপি নির্বাচনের সিলমারা ব্যালট উদ্ধার
কুমিল্লা বরুড়ায় চিতড্ডা ইউনিয়নের এক স্কুলের বাইরে থেকে সিলমারা ৩৫টি ব্যালট উদ্ধার করেছে পুলিশ। যেখানে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে গত ৩১ অক্টোবর ভোট গ্রহণ করা হয়েছিল।
শনিবার বিকালে উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ব্যালটগুলো পাওয়া যায় বলে বরুড়া থানার পরির্দশক (তদন্ত) আসলাম সিকদার জানান।
স্কুলটির প্রধান শিক্ষক ওমর ফারুকের বরাত দিয়ে পরির্দশক বলেন, “স্কুলের হোস্টেলের শিক্ষার্থীরা খেলার সময় অফিস কক্ষের উত্তর দিকে জানালার পাশে ব্যালট পেপার দেখতে পেয়ে প্রধান শিক্ষককে জানায়। পরে সেখান থেকে আনারস প্রতীকের ৩৪টি, নৌকার একটি সিলমারা ব্যালট উদ্ধার করা হয়।”
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে জানান পরির্দশক আসলাম।
কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের স্থগিত হওয়া দুইটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত ৩১ অক্টোবর।
এতে ধানের শীষ প্রতীক নিয়ে মো.ওমর ফারুক বেসরকারিভাবে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের মো. সিরাজুল ইসলাম।
