২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৬৭ বস্তা ধান বুঝে নিলেন সাঁওতালরা

সাঁওতালদের অনুপস্থিতিতে ধান কাটার পর এই নৃগোষ্ঠীর সদস‌্যদের সেই ফসল বুঝিয়ে দিচ্ছেন গাইবান্ধার রংপুর চিনিকল কর্তৃপক্ষ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 07:52 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার তৃতীয় দিনের মতো সাঁওতালদের ৬৭ বস্তা ধান বুঝিয়ে দেওয়া হয়েছে বলে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল জানিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও চিনিকলের প্রায় একশত শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ধান কাটে।

এরআগে বৃহস্পতিবার চিনিকল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের রোপন করা ধান কেটে তাদের বুঝিয়ে দেয়।

ওই দিন ২৬ বস্তা এবং শুক্রবার ৫৬ বস্তা ধান সাঁওতাল জনগোষ্ঠিকে বুঝিয়ে দেওয়া হয় বলে জানান আব্দুল আওয়াল।

তিনি বলেন, বৃহস্পতিবার প্রায় আড়াই একর, শুক্রবার নয় একর এবং শনিবার প্রায় ১০ একর জমির ধান কেটে এ পর্যন্ত দুই মণ বস্তা ওজনের মোট ১৪৯ বস্তা ধান সাঁওতালদের দেওয়া হয়েছে।

সরকারি হিসাবে সাঁওতালরা ৪৫ দশমিক ৫০ একর জমিতে ধান চাষ করেছে। এরমধ্যে ৩০ একর জমির ধান পেকে কাটার উপযোগী হয়েছে। বাকি ধান কাটার উপযোগী হতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

তবে উচ্ছেদ হওয়া সাঁওতালদের ভাষ্য, তারা ১০০ একর জমিতে ধান এবং প্রায় ৮০০ একর জমিতে মাস কালাই, সরিষা ও পাট চাষ করেছিলেন।

গত ৬ নভেম্বর চিনিকলের অধিগ্রহণ করা ওই জমি থেকে সাঁওতালদের কয়েকশ ঘর উচ্ছেদ করা হয়।

আব্দুল আওয়াল বলেন, শনিবার আনছেন হেমভ্রমের নেতৃত্বে সাঁওতালকের একটি প্রতিনিধি দলের কাছে ধান বুঝিয়ে দেওয়া হয়।

শনিবারও সকালে ধান কাটা সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও রাফিউল আলম, গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বাংলাদেশ চিনি খাদ্য শিল্প সংস্থার প্রতিনিধিসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিন ছিলেন।

এছাড়া পুলিশও মোতায়েন ছিল।

এক রিট আবেদন শুনে গত ১১ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ ওই জমিতে সাঁওতালদের চাষের ধান তাদের কাটতে দিতে অথবা চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দিতে নির্দেশ দেয়।

এই নির্দেশনার পর সোমবার রংপুর চিনিকলের এমডি আব্দুল আউয়াল ও ওসি সুব্রত কুমার সরকার মাদারপুর গ্রামে গিয়ে সাঁওতাল নেতাদের সঙ্গে দেখা করে তাদের রোপণ করা ধান কেটে দেওয়ার জন্য চাষিদের তালিকা চান।

সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের এক হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।

চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।