২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সম্পত্তির বিরোধে নাপিত হত্যার অভিযোগ

শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাগেরহাট শহরে এক নাপিতকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 01:55 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তপন কুমার শীল নামের ৫২ বছর বয়সী ওই ব‌্যক্তির মৃত‌্যু হয়।

এ ঘটনায় তপনের সৎ শ্যালক বাসুদেব সরকারকে (৫৫) শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় শ্বশুর পাঁচকড়ি সরকারের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তপন। বাগেরহাট বাসস্ট্যান্ডে একটি সেলুন চালাতেন তিনি।

তপনের স্ত্রী আঁখি রাণী শীল বিডিনিউজ টোন্টেফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কয়েকজন যুবক সেলুন এসে তার স্বামীকে ডেকে স্থানীয় এক ব‌্যক্তির বাড়ির পরিত্যক্ত একটি ঘরে নিয়ে লাঠি দিয়ে পেটায়।

“পরে তারা তার মুখে জোর করে বিষ ঢেলে দিয়ে ওই ঘরে ফেলে রেখে চলে যায়।”

আঁখির ভাষ‌্য, ওই অবস্থায় নিজের মোবাইল থেকে ফোন করে তপন তাকে খবর দেন। তখন তারা গিয়ে তপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মুসফিকার শামস মেনন বলেন, সন্ধ‌্যা সাড়ে ৭টার দিকে তপন শীলকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই তার মৃত‌্যু হয়।

“তার মাথা ও হাতে আঘাতের চি‎‎হ্ন ছিল। তবে শারীরিক আঘাত, না বিষের কারণে মৃত্যু হয়েছে- তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না।”

আঁখি রাণী শীল জানান, তার বাবা পাঁচকড়ি সরকার নিজের সম্পত্তির একটি অংশ সৎ ছেলে বাসুদেব সরকার এবং বাকি অংশ মেয়েদের নামে লিখে দিয়ে যান।  

“সম্পত্তি ভাগাভাগি নিয়ে গত কয়েক বছর ধরে অন্য বোনদের সঙ্গে আমাদের সমস‌্যা চলছে। প্রায় দুই মাস আগে আমার বোনের স্বামী ‎হৃদয় শীলের লোকজন তপনের ওপর হামলাও করে। ওই ঘটনা নিয়ে থানায় মামলা আছে।”

আঁখির অভিযোগ, তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতেই ‘পরিকল্পিতভাবে’ তপনকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে ‎হৃদয় শীলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ওসি বলেন, “সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা এ কাজ করেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের শরীরে আঘাতেরও চি‎হ্ন পাওয়া গেছে।”  

শুক্রবার বাগেরহাট সদর হাসপাতালের মর্গে তপনের লাশের ময়নাতদন্ত হলেও প্রতিবেদন পাওয়া যায়নি। তপনের পরিবারের পক্ষ থেকে দুপুর পর্যন্ত কোনো মামলাও দায়ের করা হয়নি।