গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
হাবিবুর রহমান নামে এই শিক্ষার্থী শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে মারা যান বলে জানান গোপালগঞ্জ সদর থানার এসআই মুজাহিদুর রহমান।
হাবিব গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এলএলবি পাস কোর্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ কনেস্টবল আব্দুল জব্বারের ছেলে।
এসআই মুজাহিদুর রহমান জানান, হাবিব সকালে মোটরসাইকেলে করে জেলা প্রশাসকের বাসভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ চালকসহ ট্রাক আটকের চেষ্টা করছে বলে জানান এসআই মুজাহিদুর রহমান।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
