মাওয়ায় দেশের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন
মাওয়ায় পৌঁছেছে দেশের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন।
বুধবার দুপুরে এটি পদ্মা সেতুর কনস্ট্রাকশন এলাকায় এসে পৌঁছে বলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান।
৩৬০০ টন ক্ষমতা সম্পন্ন এই ক্রেনটি এখন দেশের উচ্চ ক্ষমতার ভাসমান ক্রেন বলে জানান তিনি।
এরআগে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নির্ভীক উচ্চ ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন ছিল। যার ধারণ ক্ষমতা ১৪০০ টন করে।
তিনি বলেন, গত ১২ অক্টোবর চীনের জোহাও থেকে মাদার ভেসেলে করে ক্রেনটি রওনা হয়। শুক্রবার রাতে কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছে।
“এত বড় ভাসমান ক্রেন মাওয়ায় আনার মতো নৌযান পাওয়া যাচ্ছিল না। পরে চট্টগ্রাম পোর্টের একটি বিশেষ টাগবোট দিয়ে টেনে এটি মাওয়ায় নিয়ে আসা হয়।”
এই ক্রেন দিয়ে পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার তুলে দুই পিলারের উপর বসানো হবে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর প্রতিটি স্প্যান (১৫০ মিটার দীর্ঘ সুপার স্ট্রাকচার) সরাসরি পিলারে বসাতে হবে। একেকটি স্প্যানের ওজন প্রায় ২৯০০ টন। আর ভাসমান এই ক্রেনের ধারণ ক্ষমতা ৩৬০০ টন।
