গাজীপুরে মোটরসাইকেল চালক ‘নিখোঁজ’
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক পেশাদার মোটরসাইকেল চালক সাত দিন ধরে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
উপজেলার বাহাদুরসাদী গ্রামের আলাউদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন (২৯) নিখোঁজ রয়েছেন জানিয়ে তার সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী আয়েশা আক্তার।
কালীগঞ্জ থানার এসআই মো. গোলাম মাওলা বলেন, আয়েশা আক্তার থানায় জিডি করার পর পুলিশ জাঙ্গালিয়া ইউনিয়নের গাধাইয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় তার মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
পুলিশ সাখাওয়াতের সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান এসআই মো. গোলাম মাওলা।
আয়েশা আক্তার বলেন, ১৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাইরে যাওয়ার কথা বলে সাখাওয়াত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহারের তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে।
