বরিশালে বোমা ফাটিয়ে ডাকাতি, একজনের মৃত্যু
বরিশালের উজিরপুর উপজেলায় একটি বাজারে বোমা ফাটিয়ে ডাকাতির সময় একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হারতা বাজারে ডাকাতরা ১০টির বেশি মৎস্য আড়তে লুটপাট করে বলে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান।
মৃত সোহরাব বেপারী (৬৫) বাজারের মাছ ব্যবসায়ী।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি।
তাছাড়া ডাকাতদের হামলায় আহত সুশান্ত বিশ্বাস (৪০) নামে এক ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরেন রায় বলেন, সন্ধ্যায় ৭ থেকে ৮ জনের একটি দল বোমা ফাটিয়ে বাজারে প্রবেশ করে। তাদের কাছে ধারালো অস্ত্রও ছিল।
“বোমার শব্দে ব্যবসায়ীরা ছোটাছুটি শুরু করলে ডাকাতরা মাছের আড়ৎ থেকে প্রায় অর্ধকোটি টাকা লুট করে স্পিডবোটে করে সন্ধ্যা নদী দিয়ে পালিয়ে যায়।”
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “স্থানীয়দের কারো কারো দাবি ডাকাতদের হামলায় সোহরাব বেপারীর মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”
লাশ ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
