খামারের জমিতে সাঁওতালদের পুনর্বাসনের সুযোগ নেই: ডিসি
রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে উচ্ছেদ হওয়া সাঁওতালরা ওই জমি ফেরত চাইলেও সেখানে পুনর্বাসনের সুযোগ নেই বলে দাবি করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
ওই জমিতে ঘর করে বসবাসরত সাঁওতালদের উচ্ছেদের সময় সংঘর্ষ-লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের দুই সপ্তাহ পর রোববার জেলা প্রশাসন ও পুলিশের যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
১৯৬২ সালে অধিগ্রহণ করে আখ চাষের জন্য গড়ে তোলা সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা থেকে সম্প্রতি চিনিকল কর্তৃপক্ষ সাঁওতালদের উচ্ছেদ করার পর তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।
উচ্ছেদের পর ওই জমিতে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছে সাঁওতালরা, যাদের পূর্বপুরুষদের জমি নিয়ে ওই খামার গড়ে তোলা হয়েছিল।
বসতবাড়ি হারানো সাঁওতালরা গোবিন্দগঞ্জে একটি চার্চে আশ্রয় নিয়ে আছেন। তাদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে বিভিন্ন দল ও সংগঠন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আব্দুস সামাদ বলেন, “যারা খোলা আকাশের নিচে আছে বলে দাবি করছে, তাদের প্রত্যেকের নিজস্ব বাড়িঘর আছে।”
সাঁওতালদের মধ্যে ভূমিহীন হিসেবে ৩১টি পরিবারের তালিকা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তবে তাদের চিনিকলের জমিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তারা রাজি হলে কাটাবাড়ি ইউনিয়নের ১৪ দশমিক ২৬ একর জায়গায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসন করা যাবে।”
তবে সাধারণ সাঁওতালরা কোনো আশ্রয় কেন্দ্র নয়; মিল অধিগ্রহণের চুক্তি ভঙ্গ করেছে দাবি করে তারা তাদের জমির মালিকানা ফেরত চায়।
তাদের দাবি, অধিগ্রহণের সময় শর্ত ছিল যে আখ ছাড়া অন্য কিছু চাষ হলে জমি আগের মালিকের কাছে ফেরত যাবে। যেহেতু ওই জমিতে এখন ধান-তামাক চাষ হচ্ছে, তাই জমিটি এখন তারা ফেরত পাবেন।
কেন সাঁওতালদের ওই জমিতে পুনর্বাসনের সুযোগ নেই, তা স্পষ্ট হয়নি জেলা প্রশাসকের কথায়।
জমি থেকে সমতলের এই নৃগোষ্ঠীকে সরাতে কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি বলে দাবি করেন সালাম।
“সেদিন ব্যক্তিগত নিরাপত্তা, সরকারি জানমাল সম্পত্তি ও অস্ত্র রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাছাড়া ইতোপূর্বের দায়ের করা অস্ত্র লুটের মামলাসহ অন্য মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ গিয়েছিল।”
‘জমি দখল করে আদিবাসীরা সেখানে সর্ব সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে রাখায়’ স্থানীয়রা তাদের উপর ক্ষুব্ধ ছিল বলেও দাবি করেন সামাদ।
‘মহল বিশেষের উস্কানিতে’ সাঁওতালরা জমি দখল করেছিল বলেও ইঙ্গিত দেন জেলা প্রশাসক; তবে তারা কারা, তা স্পষ্ট করেননি তিনি।
সংবাদ সম্মেলনে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর ইক্ষু খামারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সঙ্গে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়য়ে ঘটে যাওয়া ঘটনাবলীর বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে।
“প্রকৃত ঘটনা হচ্ছে, গত ১২ জুলাই চিনিকলের শ্রমিকরা ইক্ষু চাষের জন্য ওই খামারে গেলে আদিবাসীরা তাদের উপর হামলা করে। পরে গোবিন্দগঞ্জ ইউএনওসহ পুলিশ ঘটনাস্থলে যায়।”
সাঁওতালদের আক্রমণে এক এএসআই ও এক কনস্টেবল তীরবিদ্ধ হন দাবি করে পুলিশ সুপার বলেন, “এর কারণে গত ১৪ জুলাই সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। এতে আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে গত ৭ অগাস্ট তীরধনুক নিয়ে ক্যাম্পে হামলা করে পুলিশকে আহত ও একটি শটগান লুট করে নিয়ে যায়।”
ওই দুই ঘটনায় দুইটি মামলা করা হয় বলেও জানান তিনি।
পুলিশ সুপার বলেন, এরপর গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ বীজ সংগ্রহের জন্য আখ কাটতে গেলে আদিবাসীরা তাদের আক্রমণ করে আখ বীজ ছিনিয়ে নেয়। পরে ইউএনওসহ পুলিশ ঘটনাস্থলে গেলে আদিবাসীরা তাদের উপরও আক্রমণ চালায়।
“এতে ৮ পুলিশ সদস্য তীরবিদ্ধ হলে তখন সরকারি সম্পত্তি ও জানমাল নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছৃঙ্খল আদিবাসীদের ছত্রভঙ্গ করার জন্য প্রথমে গ্যাস গান ও শটগানের গুলি ছোড়া হয়।”
এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিছু রাইফেলের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।
অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে জমির দখল ফিরে পেতে দুই বছর আগে আন্দোলনে নামে সাঁওতালরা। বছর খানেক আগে ওই জমিতে কয়েকশ ঘর তুলে সাঁওতালরা বসবাস শুরু করেন।
গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে দুপক্ষের সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘর ও ফসলের ক্ষেতে লুটপাট হয়। একচালা ঘরগুলো পুড়িয়ে দেওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটি সমান করে দেয়।
সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।
আরও দুইজন গ্রেপ্তার
সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে গ্রেপ্তার করা হয় উপজেলার নাসিরাবাদ গ্রামের জনি মিয়া (২৮) ও রানা মিয়াকে (৩২)।
স্বপন মুরমু করা মামলায় গত চার দিনে ১২ জনকে গ্রেপ্তার করা হলো বলে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান।
তিনি বলেন, বুধবার রাতে সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু নামে এক যুবক অজ্ঞাতনামা ৫০০/৬০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর জড়িত সন্দেহে ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চরণ ও বিমল চিকিৎসার জন্য ঢাকায়
তাছাড়া জামিনে মুক্তি পাওয়ার গুলিবিদ্ধ চরণ সরেন ও বিমল কিসকুকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে সাংবাদিকদের জানান, চরণ সরেন ও বিমল কিসকু পুলিশের তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। পরে ১৮ নভেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর বাড়িতে ফিরে তারা আবার অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
