২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনীতে গাইবান্ধার শিশু সৌরভ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘এমপি লিটনের ছোড়া গুলিতে’ আহত শিশু শাহাদাত হোসেন সৌরভ প্রাথমিকের সমাপনী পরীক্ষা অংশ নিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 08:35 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ রোববার উপজেলার জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয় বলে কেন্দ্র সচিব মো. নান্নু মিয়া জানান।

গত বছরের ২ অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয়, যা সাংসদ লিটনের বন্দুক থেকে ছোড়া হয় বলে অভিযোগ।

পরদিন লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। ওই মামলায় গত বছরের ১৪ অক্টোবর রাজধানীর উত্তরায় গ্রেপ্তার হন লিটন। চলতি বছরের ১ এপ্রিল এ মামলায় লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পরীক্ষা শেষে সৌরভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আগে থেকেই পরীক্ষার প্রস্তুতি ভালো ছিল। প্রথম দিন ইংরেজি পরীক্ষা ভালভাবে দিয়েছি। এভাবে পরীক্ষা শেষ করতে পারলে খুব ভালো ফলাফল হবে বলে আশা করি।”

এদিকে, গুলির ঘটনায় করা মামলা তুলে নিতে গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের লোকজন জোর করে সই নিয়েছেন বলে অভিযোগ করেছেন সৌরভের বাবা মামলার বাদী সাজু মিয়া।

রোববার ছেলের পরীক্ষা কেন্দ্রের সামনে এ অভিযোগ করেন তিনি।

সাজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এমপির এক আত্মীয় ও তার লোকজন মীমাংসা করার কথা বলে আমাকে বাড়ি থেকে ডেকে মাইক্রোবাসে করে শহরে এক বাড়িতে নিয়ে যান।

“তারা আমাকে মামলা তুলে নিতে বলেন। আমি তাতে রাজি না হওয়ায় জোর করে খালি স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেন।”

ঘটনার পরপর বিষয়টি নিয়ে সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া বলে দাবি করেন তিনি ।

বিষয়টি অস্বীকার করে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, সাজু মিয়ার এমন কোনো অভিযোগ করতে আসেননি।

সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আমার কোনো লোক এ ধরনের কাজ করে নি।”

পুরনো খবর:

এমপি লিটনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ সেপ্টেম্বর
শিশুকে গুলির মামলায় এমপি লিটনের বিরুদ্ধে অভিযোগপত্র