গাজীপুরে রাজমিস্ত্রি হত্যায় সহকর্মীর ১০ বছরের দণ্ড
গাজীপুরে লুডু খেলাকে কেন্দ্র করে সহকর্মীকে হত্যা মামলায় এক রং মিস্ত্রিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বিকালে গাজীপুর জেলা দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইদ্রিস আলী (৪২) ময়মনসিংহের মুক্তাগাছার হালিদা এলাকার মৃত হাবেজ উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানাধীন শিবরামপুর এলাকার দেওয়ান আলমাছ মিয়ার বাড়িতে ভাড়া থেকে রং মিস্ত্রির কাজ করতেন।
একইসঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দিয়েছে বলে জানান পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জের লরারচর এলাকার হান্নান মিয়া সপরিবারে জয়দেবপুরের শিবরামপুর এলাকার লিটন মিয়ার বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। ২০১৪ সালের ১২ জুন বিকালে প্রতিবেশী রং মিস্ত্রি ইদ্রিস আলীর রান্না ঘরে বসে দুজনে লুডু খেলছিলেন।
“খেলা নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ইদ্রিস ও তার স্ত্রী শিউলী বেগম তাকে মারধর শুরু করেন। এ সময় হান্নান ডাকচিৎকার শুরু করলে ইদ্রিস ইট দিয়ে তার মাথায় আঘাত করেন।”
পরে তাকে উদ্ধার করে স্থানীয় জিরানী বাজার এলাকার বাংলাদেশ কোরিয়া মৈত্রি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৫ জুন নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন বলে জানান পিপি।
মামলার কয়েকদিন পর ময়মনসিংহ থেকে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে ইদ্রিসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
