২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় তারেকের জন্মদিনের অনুষ্ঠানে মারামারিতে বিএনপি

বগুড়ায় তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে হাতাহাতিতে জড়িয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 04:25 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

রোববার দুপুরে শহরের নবাববাড়ি রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে কেক কাটার অনুষ্ঠানে ছবি তোলার সময় সামনে দাঁড়ানো নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয় বলে পুলিশ ও প্রত‌্যক্ষদর্শীদের তথ‌্য। 

বগুড়া সদর ফাঁড়ির এসআই ফজলে এলাহী বলেন, হট্টগোল শুরু হওয়ার পর পুলিশ ধাওয়া দিয়ে বিএনপিকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

এ সময় কিছু নেতাকর্মী জন্মদিনের কেকটি নিয়ে দ্রুত কার্যালয়ের দিকে চলে যান এবং পরে কেক কাটার আনুষ্ঠানিকতা সারা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান কয়েক ডজন মামলায় পরোয়ানা মাথা নিয়ে গত আট বছর ধরে লন্ডনে আছেন। রোববার প্রথম প্রহরে ঢাকার গুলশানের বাসায় কেক কেটে তারেকের জন্মদিন উদযাপন করেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তারেকের বাবার জেলা বগুড়ায় বিএনপির নেতাকর্মীরা জন্মদিন উদযাপনের আয়োজন করেন রোববার দুপুরে। নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের পাশে রাস্তার ওপর হয় অনুষ্ঠানের আয়োজন।

জেলা বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, হাফিজুর রহমান, মোস্তফা আলী মুকুল, জেলা বিএনপির সেক্রেটারি জয়নাল আবেদিন চানও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাদের বক্তব্য শেষে কেক কাটা শুরু হলে হঠাৎ নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে চেয়ার-টেবিলও ভাংচুর করা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসআই ফজলে এলাহী বলেন, “বিএনপিকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।”

অবশ‌্য জেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেছেন, জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে ‘কোনো কিছুই ঘটেনি’। পুলিশ শুধু ‘বাঁশি বাজিয়েছে’।