ফেনীতে অপহৃত তরুণ উদ্ধার, আটক ৬
ফেনী শহরে অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত এক তরুণকে আহত অবস্থায় উদ্ধারের পাশাপাশি ছয়জনকে আটক করেছে র্যাব।
শহরের বিরিঞ্চি এলাকায় রোববার ভোরে অভিযান চালানো হয় বলে জানান র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম।
আটককৃতরা হলেন - উত্তর বিরিঞ্চির খন্দকার বাড়ির ফরিদি হাসান তুষার (২১), আব্দুল আহাদ রানা (২২), মো. ওমর ফারুক (২১), মো. শাকিল (২০), রানিরহাট মালিপুর এলাকার আলাউদ্দীন বাবু (২০) ও ফুলগাজী খিলপাড়া এলাকার মো. রেজাউল হক (২১)।
র্যাব কর্মকর্তা ফাহিম বলেন, শনিবার সন্ধ্যায় শহরের কলেজ রোড এলাকা থেকে মুক্তিপণের দাবিতে মমিন হোসেন পাটোয়ারী নামে এক তরুণকে অপহরণ করে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
“অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বর ট্র্যাক করে মহিপাল নজির আহমদ ফিলিং স্টেশনের পাশের একটি দোকানে অভিযান চালায় র্যাব। সে সময় হাত-পা বাঁধা মমিনকে উদ্ধারসহ ছয় অপহরণকারীকে আটক করা হয়।”
