২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর রগ কর্তন, সৎছেলে আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক গৃহবধূর দুই হাতের রগ কেটে দেওয়া হয়েছে; এ ঘটনায় পুলিশ তার সৎছেলেকে আটক করেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 01:55 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

রুহিয়া ইউনিয়নের ঘনি মহেশপুর গ্রামে রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার।

আহত আনোয়ারা বেগম (৪৫) ওই গ্রামের সাদেকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের চিকিৎসক মো. রোকনুল হক বলেন, আনোয়ারার দুই হাতের রগ কেটে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় জখম ও আঘাতের চি‎হ্ন রয়েছে।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক রোকনুল হক।

আটক হারুন অর রশিদ (২৫) সাদেকুল ইসলামের প্রথম স্ত্রী হাসিনা বেগমের ছেলে।

ওসি শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আট-দশ দিন আগে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আনোয়ারা বেগমকে বিয়ে করেন সাদেকুল ইসলাম।

“শনিবার রাতে আনোয়ারাকে বাড়ি নিয়ে আসেন সাদেক। এতে ক্ষিপ্ত হয়ে রোববার সকালে হারুন তাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন এবং দুই হাতের রগ কেটে দেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।”

আটক হারুনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা রয়েছে জানিয়ে ওসি শাহরিয়ার বলেন, হারুন থানা ছাত্রলীগের সদস্য। আনোয়ারার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।