২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন লাইনচ্যুত, বঙ্গবন্ধু সেতুতে রেল বন্ধ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বৃহত্তর রাজশাহী ও খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 12:49 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, রোববার বেলা সোয়া ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইকোপার্ক এলাকায় একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়।

“বগি লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যাওয়া রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

এটি ঢাকার সঙ্গে বৃহত্তর রাজশাহী ও খুলনার একমাত্র রেললাইন।

মালবাহী ট্রেনটি দিনাজপুরের পাবর্তীপুর থেকে ঢাকা যাচ্ছিল বলে জানান ওসি দাউদ।

রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জিএম খায়রুল আলম বলেন, ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করেছে। তবে নষ্ট হওয়া লাইন ঠিক করতে সময় লাগবে। রাত ১১টা নাগাদ এগুলো ঠিক করা  সম্ভব হলে ট্রেন চলাচল শুরু হতে পারে।

লাইন ফিসিংয়ের কারণে বগিগুলো লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানান রেল কর্মকর্তা খায়রুল আলম।

বিষয়টি তদন্তের জন্য চার সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে বলেও তিনি জানান।