বগুড়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে ২ ডাকাত’ আহত
বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে আহত সন্দেহভাজন দুই ডাকাত গ্রেপ্তার হয়েছে।
উপজেলার কর্ণিপাড়া বাজারের পাশে শনিবার রাত আড়াইটার দিকে গোলাগুলি হয় বলে জানান বগুড়ার বি সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন - কাহালুর পিলকুঞ্জ গ্রামের গোলাম ফকিরের ছেলে আবদুল আলীম (২৬) ও শিবগঞ্জ উপজেলার শিয়ালী দক্ষিণপাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে ফুলবর রনি (৩৮)।
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান বলছেন, রাতে কাহালু থানার টহল পুলিশ ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় ডাকাতির জন্য প্রস্তুতি নিতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশের দিকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
“পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির শব্দে আশপাশের লোকজন পুলিশের সহায়তায় এগিয়ে আসলে কিছু ডাকাত পালিয়ে যায়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় গুলিবিদ্ধ দুই ডাকাতকে গ্রেপ্তার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
এ সময় পুলিশের কনেস্টবল আবু বকর ও তহিদুল ইসলাম আহত হলে তাদের বগুড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান।
তিনি বলেন, এই ডাকাতরা বগুড়াসহ আশপাশের জেলায় অটোরিকশা, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ছিনতাই ও ডাকাতিতে জড়িত।
পুলিশ ঘটনাস্থল থেকে ডেগার, ছোরা, চাকু ও চাপাতিসহ বিপুল সংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান।
