২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাহেবগঞ্জ খামারের আখ ক্ষেতে আগুন

গাইবান্ধার রংপুর চিনিকলের বিরোধপূর্ণ সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ ক্ষেত আগুনে পুড়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 05:39 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

শনিবার দুপুরে আগুনের খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে চিনিকল কর্তৃপক্ষের ডিজিএম আলমগীর হোসেন জানান।

১৯৬২ সালে অধিগ্রহণ করে আখ চাষের জন্য গড়ে তোলা সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা থেকে সম্প্রতি চিনিকল কর্তৃপক্ষ সাঁওতালদের উচ্ছেদ করার পর তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

তার এর দুই সপ্তাহের মাথায় খামারের আখ ক্ষেতে আগুন লাগার এ ঘটনা ঘটল।

ডিজিএম আলমগীর বলেন, দুপুর দেড়টার দিকে খামারের ফকিরগঞ্জ এলাকার ১১ আই ব্লকের জমিতে আগুনের সূত্রপাত হয়। এতে খামারের ৩৩ বিঘা জমির আখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

“তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।”

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে ৩০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল ও গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তোলে চিনিকল কর্তৃপক্ষ।

সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে সম্প্রতি আন্দোলনে নামে সাঁওতালরা। বছর খানেক আগে ওই জমিতে কয়েকশ ঘর তুলে সাঁওতালরা বসবাসও শুরু করেন।

গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে দুপক্ষের সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘর ও ফসলের ক্ষেতে লুটপাট হয়। একচালা ঘরগুলো পুড়িয়ে দেওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটি সমান করে দেয়।

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।