২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনারোধে কারখানার সক্ষমতা তদন্তে মানবাধিকার কমিশন

টাম্পাকো দুর্ঘটনার প্রেক্ষাপটে গাজীপুরের টঙ্গীর কলকারখানাগুলোর দুর্ঘটনারোধে কী ধরনের প্রস্তুতি বা সক্ষমতা রয়েছে তা নির্ণয়ে কাজ শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশনের একটি তদন্ত দল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 03:04 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

তিন সদস্যের ওই দলের প্রধান মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, টঙ্গীর বিসিক এলাকায় শনিবার সকালে সিনটেক্স প্রিন্টিং মিলস, আকিজ প্যাকেজিং ও রবিন প্রিন্টিং কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে কাজ শুরু করে দলটি।

গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়ার পর ৩৯ জনের লাশ পাওয়া যায়। এক মাস ধরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার অভিযান চালায়।

নজরুল ইসলাম বলেন, টাম্পাকো দুর্ঘটনার পর এলাকার কারখানাগুলোতে আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য কী ধরনের প্রস্তুতি বা সক্ষমতা রয়েছে তা পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে কমিশন।

তদন্ত দল টাম্পাকো দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য কাজ করছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, আরও কিছু কারখানা পরিদর্শন করে বর্তমান অবস্থা তুলে ধরা হবে।

“এই বাস্তব অবস্থার প্রেক্ষাপটে ভবিষতে যাতে এ রকম দুর্ঘটনা আর ঘটতে না পারে সেজন্য করণীয় বিষয়ে সুপারিশ করব আমরা।”

পরিদর্শনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মো. আব্দুল আজিজ, কমিশনের সহকারী পরিচালক জয়দেব চক্রবর্তী, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।