২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশের’ ভাড়া গাড়িতে নাসিরনগরে গেলেন জাবি শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীর পথে জাহাঙ্গীরনগর বিশ্বাবদ্যালয় শিক্ষার্থীদের প্রথমে বাধা দিলেও শেষ পর্যন্ত ‘পুলিশের’ ভাড়া করা মাইক্রোবাসে তাদের কয়েকজনকে যেতে দেওয়া হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 07:30 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

শুক্রবার বিকালে জাবি শিক্ষার্থী রবিন কর্মকারের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি নাসিরনগরে পৌঁছে হিন্দুপল্লী পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করে।

এর আগে মাইনরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শিক্ষার্থীদের একটি দল লংমার্চের উদ্যোগ নিলেও নিজেদের অভ্যন্তরীণ বিরোধ ও পুলিশের বাধায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।

হিন্দুপল্লী পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা বিতরণের পর প্রতিনিধি দলটি স্থানীয় গৌরমন্দিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রতিনিধি দলের প্রধান রবিন কর্মকার বলেন, “সরকার বিচ্ছিন্ন ঘটনা বললেও কক্সবাজারের রামু থেকে শুরু করে এখন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে সংখ্যালঘুদের উপর হামলা চলেছ।”

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই বারবার এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

যখনই কোনো হামলার ঘটনা ঘটে তখন দেশের রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে উল্লেখ করে তিনি বলেন, যারাই এ ধরনের হামলার সঙ্গে জড়িত তারা যেই রাজনৈতিক দলেরই হোক না কেন তাদেরকে চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার করতে হবে।

অন্তত একটি হামলারও যদি দৃষ্টান্তমূলক বিচার করা হয় তাহলে এ ধরনের হামলার ঘটনা আর ঘটবে না বলে তিনি মনে করেন।

রবিন কর্মকার সাংবাদিকদের জানান, তার নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ সদ্যস্যের একটি প্রতিনিধি দলটি ত্রাণ সহায়তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে নাসিরনগর আসছিলেন। বেলা ১১টায় আশুগঞ্জ গোলচত্বর এলাকায় বসানো পুলিশের নিরাপত্তা চেকপোস্টে তাদের বাসটি আটকে দেওয়া হয়। পরে বেলা ২টার দিকে ‘আলোচনা করে শর্ত সাপেক্ষে’ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলকে ‘পুলিশের’ ভাড়া করা মাইক্রোবাসে নাসিরনগর যেতে দেওয়া হয়।

ফেইসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৫টি হিন্দুমন্দির ও অন্থত দেড়শ বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে মন্দিরে আরও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে।

দেশে বিদেশে এ ঘটনায় সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে।