রামেক ভবনে বাঁশ ব্যবহার: ঘটনাস্থলে তদন্ত দল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে বাঁশ ব্যবহারের ঘটনার তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণায় গঠিত পাঁচ সদস্যের এই তদন্ত দল শুক্রবার ওই ভবনে যায় বলে জানান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক একেএম মনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তারা রামেক হাসপাতালে আসেন। পরে তারা ভবন নির্মাণ প্রতিষ্ঠান রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের বক্তব্য গ্রহণ করেন।
এ সময় তারা ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ-খবর নিয়ে তাদের ব্যাপারে তথ্য চেয়েছেন বলে সাংবাদিকদের জানান পরিচালক রফিকুল।
মন্ত্রণালয়ের তদন্ত দলের পরিদর্শনের সময় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
হাসপাতালের পক্ষ থেকে রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান মোসাদ্দেক হোসেনকে আহবায়ক করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত টিমের আহবায়ক মোসাদ্দেক হোসেন বলেন, বিষয়টি তারা তদন্ত করে লোহার পাতের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মার্কস বিল্ডার্সের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের বক্তব্য পাওয়ার পর প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।
গত ৩১ অক্টোবর রাতে রামেক হাসপাতাল নতুন ভবনের তৃতীয় তলার লিফটের সামনে টাইলস উঠে গিয়ে বাঁশ বেরিয়ে আসে। প্রায় চার ইঞ্চি ফাঁকা জায়গায় বাঁশ ব্যবহার করার হয়েছে।
২০১২ সালের ১৭ জুলাই এই নতুন ভবনটি উদ্বোধন করা হয়, যা নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ২৫ কোটি টাকা।
