কক্সবাজারে বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
কক্সবাজার শহরের জেলগেইটের সামনে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও দুইজন।
জেলগেইটের সামনে বাইপাস সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. ফারুক।
নিহত আশিকা সুলতানা (৭) শহরের জেলগেইট এলাকার রশিদ আহমদের মেয়ে। সে ওই এলাকার পালস তায়েমা ইন্টিগ্রেটেড স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
আহতরা হচ্ছে জেলগেইট এলাকার শামসুল আলমের মেয়ে ও একই স্কুলের তৃতীয় শ্রেণির রুমি আক্তার (৮) ও তার বোন প্রথম শ্রেণির ঊর্মি আক্তার (৬)।
এসআই ফারুক বলেন, তিন শিশু শিক্ষার্থী সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কক্সবাজার শহরমুখী যাত্রীবাহী গ্রিনলাইন সার্ভিসের একটি বাস ধাক্কা দিলে আশিকা ঘটনাস্থলেই মারা যায়।
এছাড়া রুমি ও ঊর্মি আহত হয় বলে জানান এসআই ফারুক।
তিনি বলেন, আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
