সিরাজগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে এসিড মারার অভিযোগ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
দগ্ধ সালমা খাতুনকে (২৭) বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকির হোসেন জানান, সালমার মুখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। তার অবস্থা ভালো নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দগ্ধ সালমা উপজেলার শোলাকুড়া গ্রামের সোলায়মান হোসেনের মেয়ে ও একই উপজেলার দক্ষিণ বানিয়াগাতি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
সালমার মা সূর্য বেগম বলেন, “চলতি বছরের জুনে তাঁতশ্রমিক সাইফুলে সঙ্গে সালমার বিয়ে হয়। পরে অভাব-অনটনের কারণে দ্বন্দ্ব শুরু হয়। ঘরে খাবার না থাকায় মঙ্গলবার রাতেও ঝগড়া হয়। পরে গভীর রাতে ঘুমন্ত সালমার ওপর এসিড ঢেলে দেয় সাইফুল।”
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোসাদ্দেক হোসেন জানান, সালমার খোঁজখবর নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী সাইফুল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
