২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঢাকার সাভার পৌরসভায় দিনের বেলা পিস্তল ঠেকিয়ে এক দম্পতির তিন লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 03:20 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

পৌরসভার মজিদপুর মহল্লায় পাকিজা মিলের পেছনে মঙ্গলবার দুপুরে ছিনতাইয়ের শিকার হন বলে শাহীবাগ এলাকার বাসিন্দা বিথী আক্তারের অভিযোগ।

বিথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ও তার স্বামী শামীম মিয়া সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার ইস্টার্ন ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলেন।

“রিকশায় করে বাড়ি ফেরার সময় পাকিজা মিলের পেছনে তিন রাস্তার মোড়ে দুটি মটরসাইকেল আমাদের গতিরোধ করে। তারা দুটি পিস্তল তাক করে তিন লাখ টাকাসহ ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।”

মোটরসাইকেল দুটি আগেই তাদের পিছু নিলেও তারা বুঝতে পারেননি বলে জানান।

তিনি অভিযোগ করেন, “প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে আমাদের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা সবাই তাকিয়ে দেখলেও কেউ এগিয়ে আসেনি।”

সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) মাহবুবুর রহমান বলছেন, ছিনতাইয়ের খবর পেয়েই গোয়েন্দাসহ পুলিশের দুটি দল ছিনতাইকারীদের ধরতে মাঠে নেমেছে।