হুমায়ূনের চলে যাওয়ায় শূন্যতায় জাফর ইকবাল
শেষ দিকে বড় ভাই হুমায়ূন আহমেদের সঙ্গে শেষ দিকে দূরত্ব তৈরি হয়েছিল এবং সেজন্য অপরাধবোধে ভুগছেন বলে আক্ষেপ জানিয়েছেন কথা সাহিত্যিক অধ্যাপক জাফর ইকবাল।
রোববার সকালে গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিনে কবর জিয়ারতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় ছোটভাই কার্টুনিস্ট আহসান হাবীব এবং বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাফর ইকবাল বলেন, “ব্যক্তিজীবনের জন্য হোক বা যে কারণেই হোক শেষ দিকে আমাদের একটু দূরত্ব তৈরি হয়েছিল। এটা যদি জানতাম (তার আয়ু শেষ হয়ে যাচ্ছে) তাহলে অবশ্যই আরও আগে সেই দূরত্বটা ঘোচানোর চেষ্টা করতাম।
“তার সঙ্গে আরও ক্লোজ হওয়ার চেষ্টা করতাম। এ জন্য এখন আমি নিজে ব্যক্তিগতভাবে অপরাধবোধে ভুগছি।”
তিনি বলেন, “হুমায়ূন আহমেদ যখন অসুস্থ ছিলেন তখন আমি তাকে দেখতে নিউইয়র্কের হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য তিনি তখন লাইফসাপোর্টে ছিলেন; তার সেভাবে কথা বলতে পারি নাই।”
“তার শূন্যতা এখন প্রতিমুহূর্তে অনুভব করি। আমার ধারণা শুধু আমরা নয়, বাংলাদেশের অনেক মানুষই তার শূন্যতা অনুভব করছেন।”
এছাড়াও রোববার সকালে হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে তার কবরে পুস্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেন।
পরে সেখানে হোয়াইট হাউজের সামনে কাটা হয় জন্মদিনের কেক।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার ডাক নাম ছিল কাজল। বাবার রাখা তার প্রথম নাম শামসুর রহমান। পরে তিনিই ছেলের নাম বদলে রাখেন হুমায়ূন আহমেদ। ক্যান্সারে ভুগে ২০১২ সালের ১৯ জুলাই তার মৃত্যু হয়। এরপর গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।
