দুর্ঘটনায় ৫ পুলিশ নিহত, কুড়িগ্রাম ডিসি অফিসে নীরবতা পালন
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম পুলিশ লাইনের নিহত পাঁচ সদস্যের স্মরণে জেলা প্রশাসক কার্যালয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
রোববার দুপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে সম্মান জানানো হয় বলে জানান জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচ পুলিশ নিহতের ঘটনায় কালেক্টরেট সম্মেলন কক্ষে রোববার দুপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তাদের স্মরণ এবং এক মিনিট নীরবতা পালন করে সম্মান জানানো হয়েছে।
তাছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও করা হয় বলে জানান তিনি।
শনিবার রাত ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় পুলিশের ভাড়া করা ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই ট্রাকের সংঘর্ষ হলে পাঁচ পুলিশসহ সাতজন নিহত হয়।
