২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাক উল্টে চালকের দুই সহকারী নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুটি ট্রাক উল্টে খাদে পড়ে চালকের দুই সহকারী নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

রোববার বিকালে উপজেলার মজিদুপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান।

নিহতরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা এলাকার সাইফুল ইসলামের ছেলে হাসান আলী (২৫) ও লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাফটানা সাইটারি এলাকার আব্দুস সামাদের ছেলে আলম ইসলাম (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই হাফিজুর বলেন, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটি বিকল হলে চালক সেটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে শহরে যান মেরামতকারী আনতে যান। এ সময় সহকারী আলম ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন।

“বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা ইউরিয়া সার বোঝাই আরেকটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুটি ট্রাকের চালকের সহকারী নিহত হন।”

দুর্ঘটনার পর সার বোঝাই ট্রাকের চালক পালিয়ে যান বলে এসআই হাফিজুর জানান। 

লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ ও ট্রাক দুটি বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান তিনি।