কৃষককে গুলি করে হত্যা: ৩ পুলিশের গ্রেপ্তারে পরোয়ানা
এক কৃষককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার মামলায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার সাবেক ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
আসামিরা হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানার তৎকালীন ওসি আনোয়ার হোসেন, এসআই জালাল উদ্দিন ও পিএসআই ফারুক হোসেন।
রতন শেখ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার কৃষক দাউদ হোসেনের নামে মামলা আছে বলে ২০০৭ সালের ১৯ জানুয়ারি নিজ বাড়ি থেকে তাকে ওই তিন পুলিশ সদস্য ধরে নিয়ে যান। পরে ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন।
“দাউদের পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গুলি করে হত্যা করে পুলিশ।”
এ হত্যাকাণ্ডের ঘটনায় ইসলামী বিশ^বিদ্যালয় থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে দাউদের স্ত্রী রোমেছা খাতুন বাদী হয়ে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন, বলেন পুলিশের এ পরিদর্শক।
তাছাড়া ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি রোমেছা খাতুন ওসি আনোয়ার হোসেনসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচারিক আদালতে হত্যা মামলাও করেন।
পরিদর্শক রতন শেখ বলেন, অভিযোগটি আমলে নিয়ে তিন দফা বিচার বিভাগীয় তদন্ত শেষে সিআর মামলা হিসেবে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
