গাইবান্ধায় আসামি বাবাকে ছিনিয়ে নিল ছেলে
গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি বাবাকে ছিনিয়ে নিয়েছে তার পরিবারের সদস্যরা।
শনিবার সন্ধ্যায় উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান।
তিনি বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলার দুই আসামিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধরতে তাদের বাড়িতে যায় দুই পুলিশ সদস্য। আসামি হাছেন আলীকে (৬০) ধরার সঙ্গে সঙ্গে তার ছেলে লাইচ মিয়া (৩৬) ও পরিবারের সদস্যরা পুলিশকে আক্রমণ করে।
“এক পর্যায়ে আসামি লাইচ মিয়া দা দিয়ে এসআই মোজাম্মেলের হাতে আঘাত করে তার বাবাকে ছিনতায়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পালিয়ে যায়।”
আহত এসআই মোজাম্মেল সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
আসামিদের গ্রেপ্তারে পুলিশের বেশ কয়েকটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করছে বলে জানান ওসি ফরহাদ।
