সাঁওতালদের নিরাপত্তার আশ্বাস জেলা প্রশাসকের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে সংঘর্ষের পর আতঙ্কিত সাঁওতালদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
শনিবার সাঁওতাল পল্লীর বাসিন্দাদের সঙ্গে এক মত বিনিময়ে তাদের এ আশ্বাস দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এর আগে সাঁওতাল পল্লী মাদারপুরের গির্জা মাঠে সেখানকার অধিবাসীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার। পরে ওই গ্রামে আসেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
মত বিনিময়ে সেখানে উপস্থিত ভুবেন মাড্ডি, মার্টিয়াস মাড্ডিসহ উপস্থিত সাঁওতালরা নিরাপত্তাহীনতা ও মিথ্যা মামলার কারণে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে পালিয়ে বেড়ানোয় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়েছে বলে জানায়।
সেইসঙ্গে ইক্ষু খামারের জমি থেকে উচ্ছেদের সময় সাঁওতাল সম্প্রদায়ের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশের গুলি চালানোর ঘটনার বিচারের দাবি করেন। তাছাড়া ক্ষতিপূরণ ও ঘরহারাদের পুর্নবাসনের দাবি জানায় তারা।
গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ ক্ষতিগ্রস্ত পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ত্রাণসহ সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে সংঘর্ষের পর আর কোনো সাঁওতাল শিশু স্কুলে যায়নি বলে জানান সাহেবগঞ্জ ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাকি।
গত ৬ নভেম্বরের সংঘর্ষের সময় সাঁওতালদের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশের গুলির পর খামার এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর পর স্কুলে যাচ্ছে না সাঁওতাল শিশুরা।
আবদুল বাকি বলেন, “সবাই মিলে চেষ্টা করা হচ্ছে। কিন্তু সাঁওতাল পল্লীর বাচ্চারা আজও (শনিবার) বিদ্যালয়ে আসে নাই। গত রোববারের উচ্ছেদ ঘটনার পর থেকে ভয় ও আতঙ্ক না কাটায় তারা স্কুলে আসছে না।”
গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তখন সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়। সাঁওতালদের শতশত একচালা ঘর পুড়িয়ে দেওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটি সমান করে দিয়েছে।
