গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ
গাজীপুরে এক নিখোঁজ শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকা থেকে বাকপ্রতিবন্ধী ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান।
নিহত নয়ন (৭) সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাওসাবাড়ি গ্রামের মো. আব্বাস আলীর ছেলে। দেওলিয়াবাড়ি এলাকায় রফিক মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন আব্বাস আলী।
এ ঘটনায় জড়িত সন্দেহে রফিক (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এসআই রফিকুল বলেন, বৃহস্পতিবার নয়নের মায়ের সঙ্গে প্রতিবেশী যুবক রফিকের ঝগড়া হয়। এর পর শুক্রবার সন্ধ্যা থেকে নয়ন নিখোঁজ হয়।
“তার পরিবার সম্ভব্য বিভিন্ন জয়গায় খোঁজাখুঁজির করে না পেয়ে এলাকায় মাইকিং করে। শনিবার সকালে নয়নের মা বাড়ির পাশে একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর নয়নের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।”
লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই বলেন, “রফিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়নকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।”
