পাবনায় বাবাকে পিটিয়ে হত্যার খবর
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জমির বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই সন্তানকে আটক করেছে পুলিশ।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শনিবার সকালে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।
নিহত তোরাব সর্দার (৭০) উপজেলার মণ্ডুতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বাসিন্দা।
আটক দুই সন্তান হলেন সাদ্দাম হোসেন (২৪) ও ছাবিনা খাতুন (২০)।
পরিদর্শক রউফ এলাকাবাসীর বরাতে বলেন, তোরাবের দুই সন্তান তাদের নামে বাবাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। শুক্রবার রাতে চাপাচাপির একপর্যায়ে মারধর করেন।
“স্থানীয়রা তাকে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে শনিবার ভোরে রাজশাহী নেওয়ার পথে মারা যান তোরাব সরদার।
ঘটনার পরপরই ছেলে সাদ্দাম ও মেয়ে সাবিনাকে পুলিশ আটক করে বলে জানান পরিদর্শক রউফ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
