গাজীপুরে পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা
গাজীপুর সদরে এক পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে।
বানিয়ারচালা এলাকায় শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. আজাহার হোসেন (২৩) ময়মনসিংহের ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের শহীদুল্লাহর ছেলে।
তিনি বানিয়ারচালা এলাকায় একটি ভাড়াবাড়িতে থেকে স্থানীয় ‘সিল্কেন সুইং নিট লিমিটেড’ নামের পোশাক কারখানায় চাকরি করতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সকালে পুলিশ শাকিব (২২) ও রনি (২৪) নামের দুই যুবককে আটক করেছে।
জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির এএসআই মো. সাইফুল ইসলাম জানান, তিন বছর ধরে আজাহার ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করছিলেন। তিন মাস আগে তার গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. শাকিবকে (২২) তার কারখানায় এনে চাকরিতে ঢুকিয়ে দেন এবং তার কক্ষেই ভাড়ায় থাকতে দেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে কারখানার কাজ সেরে তারা দুইজনই গ্রামের বাড়ি যান। শুক্রবার সন্ধ্যায় আবার বানিয়ারচালার বাসায় ফেরেন। পরে তারা রাতের খারার সেরে ঘুমিয়ে পড়েন।
“রাত ১টার দিকে একই বাড়ির পাশের ভাড়াটিয়া সুজিত চন্দ্র শৌচাগারে যেতে বের হলে আজাহারের কক্ষের দরজা খোলা দেখেন এবং ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পরে দরজার কাছে গিয়ে বিছানায় জবাই করা ও রক্তাক্ত অবস্থায় আজাহারকে দেখে ডাকচিৎকার শুরু করেন। এর কিছুক্ষণ পরই আজাহার মারা যান।”
এএসআই সাইফুল জানান, ওই সময় শাকিব ঘরে ছিলেন না বলে এলাকাবাসী পুলিশকে জানান।
পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
পূর্ব শত্রুতার জেরে ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে এবং এতে শাকিব জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তদন্তের পর প্রকৃত ঘটানা জানা যাবে, বলেন এএসআই সাইফুল।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, শনিবার সকালে বানিয়ারচালা এলাকা থেকে দুই যুবক শাকিব ও রনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
