নাসিরনগরে হামলাকারীদের আইনি সহায়তা নয়: সুপ্রিম কোর্ট বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পরিবার ও মন্দিরে হামলাকারীদের আইনি সহায়তা না দিতে আইনজীবীদের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।
নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে স্থানীয় গৌরমন্দিরে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন আওয়ামীপন্থি এই আইনজীবী।
এ হামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো হয়েছে দাবি করেন এই আইনজীবী নেতা বলেন, “এর চক্রান্তকারী যারা তাদের চিহ্নিত করতে হবে; কারণ এই দেশ আমাদের অসাম্প্রদায়িক দেশ। যারা সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে তাদের এই দেশে ঠাঁই নেই। এ ব্যাপারে কোনো ছাড় আমরা দেব না।”
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, “সারাদেশ আপনাদের সাথে আছে। আপনারা ভয় পাবেন না। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীরাও আপনাদের পাশে আছি।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, নাসিরনগরে হামলার বিষয়ে সরকারসহ সকল রাজনৈতিক দলের একযোগে কাজ করা উচিত। যে-ই দোষী হোক না কেন তার যেন শাস্তি হয়।
তিনি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন।
এ সময় অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, নারায়ণগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হোসনে আরা বাবলীসহ সুপ্রিম কোর্টের অন্তত দেড়শ আইনজীবী উপস্থিত ছিলেন।
ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘর ভাংচুর করা হয়।
