২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্তানের গলায় ছুরি ধরে’ ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় সন্তানের গলায় ছুরি ধরে এক ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 06:09 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান জানান, মামলার পর বুধবার রাতে আশুলিয়ার তৈয়বপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল আলম (৩০) তৈয়বপুর এলাকার আসকর আলী দেওয়ানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আকবর আলী।

মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  শুক্রবার স্থানীয় একটি স্কুলের ওই শিক্ষিকার বাসায় প্রবেশ করে বাড়িওয়ালার ছেলে নাজমুল আলম ও তার বন্ধু অপূর্ব দাস। এ সময় ওই নারীর স্বামী বাসায় ছিলেন না।

“পরে তারা ঘরে ঢুকে শিশু সন্তানের গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে।”

পরিদর্শক আকবর আলী বলেন, “কিন্তু সম্মানের কথা বিবেচনা করে ওই নারী কাউকে বিষয়টি জানাননি। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে দুইজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন।”

মামলার পর পুলিশ তৈয়বপুর এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করেছে। আরেক আসামি অপূর্ব দাস ওরফে অপুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।