রাজশাহীতে মাদক বিক্রেতার যাবজ্জীবন
রাজশাহীতে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক কেএম শহীদ আহম্মেদ এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম।
দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলম (২৩) রাজশাহীর তানোর উপজেলার চাপড়া গ্রামের মকশেদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান পিপি ইসমত আরা।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৫ সালের ১৩ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুঠিয়ায় ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ আশরাফুলকে আটক করে।
“এ ঘটনায় পরের দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে আশরাফুলকে আসামি করে পুঠিয়া থানায় মাদক আইনে মামলা করেন।”
