পাবনায় সার বিক্রেতাকে কুপিয়ে হত্যা
পাবনার ফরিদপুর উপজেলায় এক সার বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার ধানুয়াঘাটা বাজারে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) শামসুল হক।
নিহত রফিকুল ইসলাম আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের দুলাল সরকারের ছেলে।
ইনচার্জ আইসি শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিক সকালে বাড়ি থেকে বাজারের যাওয়ার পথে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে পাবনা সদর হাসপাতালে নেওয়ার সময় মারা যান।
হাসপাতালের ব্রাদার শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ষাটগাছা গ্রমের রফিকুল ইসলাম মারা যান। তার শরীরে কুপিয়ে জখম করার আলামত রয়েছে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও বলার মতো কিছু জানা যায়নি।
