২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া থানা ভবনে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

ঢাকার আশুলিয়া থানা ভবন থেকে এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 07:11 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বুধবার বিকালে বাইপাইল এলাকায় থানা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে লাশটি পাওয়া যায় বলে আশুলিয়া থানার পরিদর্শক মহসিনুল কাদির জানান।

মৃত সাবিনা ইয়াসমিন (২৫) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সাপানীয়া গ্রামের হজরত আলী হজ্জা মিয়ার মেয়ে। পাঁচ বছর আগে তিনি পুলিশে যোগ দেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার কথিত প্রেমিক কনস্টেবল জিয়াকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

তিনি বলেন, গত ২৯ জানুয়ারি আশুলিয়া থানায় যোগ দেন সাবিনা। থানা ভবনের দ্বিতীয় তলায় অন্য নারী কনস্টেবলদের সঙ্গে থাকতেন। বুধবার সকালে থানায় ডিউটিতেও এসেছিলেন।

“পরে দুপুরে জানতে পাই ফ্যানের সঙ্গে গলায় ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন সাবিনা। বিকাল সোয়া ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকোশ চন্দ্র বিশ্বাসের উপস্থিতিতে লাশটি ওই কক্ষ হতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।”

ওসি আরও বলেন, পুলিশ সাবিনার কক্ষ তল্লাশি করে একটি ডায়েরি উদ্ধার করেছে। সেখানে কনস্টেবল জিয়ার কথা উল্লেখ রয়েছে। তবে সেখানে কী লেখা রয়েছে তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

জিয়াকে আটকের পরই মূল ঘটনা জানা যাবে বলে জানান ওসি।