২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবককে বৈদ্যুতিক শক ও কুপিয়ে হত্যা

কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শক দিয়ে ও কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 09:36 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার নিমসার মোকাম গ্রামের হাকিম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই শরীফ জানান।

নিহত মোক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর এলাকার বাসিন্দা।

আহত যুবক সালমান খান সবুজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই শরীফ বলেন, নিমসার মোকাম গ্রামে দুই যুবককে বিদ্যুতের তার দিয়ে শক দেওয়া হয় ও পরে কুপিয়ে আহত করা হয়।

“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মোক্তারের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের উপর হামলার কারণ নিশ্চিত করা যায়নি বলে জানান এসআই শরীফ। 

এসআই জানান, হাকিম আলীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ওই পরিবার প্রভাবশালী হওয়ায় প্রতিবেশীরাও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।