অর্থ আত্মসাৎ: বরিশালে ২ গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
সোমবার বরিশালের বিশেষ জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
রায়ে আসামিদের একইসঙ্গে ২৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ
দণ্ডপ্রাপ্তরা হলেন গ্রামীণ ব্যাংকের বরিশাল সদর উপজেলার রায়পাশা শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও একই শাখার অফিসার শাহ আলম।
দুজনই পলাতক রয়েছেন।
মামলার নথির বরাত দিয়ে হারুন অর রশিদ জানান, ২০১১ সালের ১০ মার্চ থেকে ৭ জুলাইয়ের মধ্যে ব্যাংকের নয়জন গ্রাহকের স্বাক্ষর জাল করে ১৭ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেন দেলোয়ার ও শাহ আলম।
“এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বরিশাল কোতোয়ালি থানায় একটি মামলা করেন।”
তদন্ত শেষে ২০১৪ সালের ১৪ অক্টোবর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
