২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কালী মন্দিরে প্রতিমা ভাংচুর  

দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলায় ব্যাপক আলোচনার মধ্যে সিরাজগঞ্জের একটি কালী মন্দিরে দুটি প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে হামলাকারীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 01:27 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, শনিবার রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ফুলকোচা কুন্ডুপাড়ার সার্বজনীন কালীমাতা মন্দিরে এ হামলার ঘটনা ঘটে।

কালীমাতা মন্দিরের সভাপতি অধীর চন্দ্র কুন্ডু বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালীমাতা ও শীতলা প্রতিমার মাথা বিচ্ছিন্ন করে নিয়ে গেছে।

Image
শীতলা মূর্তি

শীতলা মূর্তি

“সকালে স্থানীয়রা মন্দিরের ভেতর মস্তকবিহীন প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবরটি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও থানায় জানাই।”

সারাদেশে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে অব্যাহত হামলার মধ্যে এ ভংচুরের ঘটনায় এলাকার হিন্দু ধর্মালম্বীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু জানান।

তিনি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কর্মকর্তা বাসুদেব বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়টির তদন্ত চলছে।”

এছাড়া জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

গত কয়েক দিনে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।