আমেরিকার ‘নন্দিনী’ এবার গদখালীর ফুলবাগানে
গদখালী ফুলের রাজ্যে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস প্রভৃতি বাহারি নামের ফুলের সঙ্গে এবার যোগ হয়েছে নন্দিনী। এস্টোমা বা অলোকা নামে এর পূর্বপরিচিতি থাকলেও যশোরের গদখালীর ফুলচাষীদের কাছে এর নাম নন্দিনী, যার উৎপত্তিস্থল আমেরিকা।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গদখালি এলাকার পানিসারা গ্রামের ইসমাইল হোসেন ও নীলকন্দনগর গ্রামের সাইফুল ইসলাম গত বছর পরীক্ষামূলকভাবে এর চাষ শুরু করেন।
এ বছর আরও ২২ চাষি নন্দিনীর চাষ শুরু করেছেন বলে তিনি জানান।
তিনি বলেন, নন্দিনী ফুলগাছ ২০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। দেখতে অনেকটা জারবেরা আর গোলাপের মাঝামাঝি। এ ফুল ৪৫টি রঙে দেখা যায়। একটি গাছে ১২০টি পর্যন্ত ফুল ধরে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি গবেষকদের দ্বারা পরিচালিত টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদের অনুচারা উৎপাদনের বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যাগ্রোব্যাক বাংলাদেশে নিয়ে এসেছেন নন্দিনীকে।
অ্যাগ্রোব্যাকের বিজ্ঞানী ও গবেষক মতিউর রহমান বলেন, এর ইংরেজি নাম লিসিয়ানথাস। বৈজ্ঞানিক নাম এস্টোমা গ্রান্ডিফ্লোরাম। আমেরিকায় ‘আমেরিকান গোলাপ’ নামে পরিচিত। জেনেটিনসিয়া পরিবারের অন্তর্ভুক্ত বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ এটি। মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। পাতার রং নীলাভ সবুজ।
“এর উৎপত্তি আমেরিকায় হলেও চাষ নিয়ে গবেষণা হয়েছে জাপানে। গত দশক থেকে জাপান, হল্যান্ড, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ভারত, চীন, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা ও বাণিজ্যিক উৎপাদন দিন দিন বাড়ছে।”
ইসমাইল বলেন, কাট ফ্লাওয়ার হিসেবে ফুলের জগতে এর অবস্থান সবার ওপরে। প্রতিটি গাছে একক ও দ্বৈত রঙে ৮০টির অধিক ফুল দেখা যায়। ফুল তোলার পর প্রায় ২০ দিন এবং গাছে ফোটা অবস্থায় ৩৫ থেকে ৪০ দিন সতেজ থাকে। চারা লাগানোর ৯০ দিনের মধ্যে ফুল তোলা যায়।
ফুলচাষী সাইফুল ইসলাম জানান, এ ফুলের বীজ সংগ্রহ ও সংরক্ষণ করা দুরূহ। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাও খুব কম। সাধারণত টিস্যু কালচার প্রক্রিয়ায় চারা উৎপাদন করা হয়। বেলে-দোআঁশ ও জৈব পদার্থযুক্ত মাটি এ ফুল চাষের জন্য উপযুক্ত।
তিনি বলেন, নন্দিনী ফুলের গাছ অনেক বেশি সহনশীল। ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগেও গাছ নষ্ট হয় না। সারা বছরই চাষ করা যায়। এমনকি ফুলের সঙ্গে থাকা কলিগুলোও ফুলদানিতে ফোটে।
