২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ দফা দাবি: পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটের হুমকি

প্রতি জেলায় ট্রাক স্ট্যান্ড স্থাপনসহ আট দফা দাবি মেনে না নিলে রোববার থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান অ্যাণ্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের পাগলায় আয়োজিত এক সমাবেশে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ এ কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, “আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, যেসব প্রতিবন্ধকতার কারণে ট্রাক চালক ও শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন তাদের বিরুদ্ধে। আমাদের দাবি কালকের মধ্যে (শনিবার) না মানলে রোববার থেকে সারাদেশে লাগাতার ধর্মঘট শুরু হবে।”

আট দফা দাবির বিষয়ে শনিবার ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংগঠনটির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান জাতীয় শ্রমিক লীগের এ নেতা।

আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রুস্তম আলী খান, জাতীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ, বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মনির তালুকদার, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, চট্টগ্রাম আন্তঃজেলা ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুবেল, টঙ্গী-গাজীপুর ট্রাক চালক ও মালিক সমিতির নেতা মালেক প্রমুখ।

সংগঠনটির আট দফা দাবির মধ্যে রয়েছে, সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ডের জন্য জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা করা এবং সারাদেশের প্রতিটি জেলায় ট্রাক স্ট্যান্ড স্থাপন করা, দিনের বেলা ঢাকায় দেড়হাজার ও তিন হাজার কেজি মালামাল পরিবহনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইত্যাদি।