রংপুরে নার্সিং ছাত্রী ধর্ষণ: আলমগীর রিমান্ডে
বুধবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সফিউল আলমের আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান।
আলমগীর নগরীর নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র।
এরআগে দুপুরে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ওই দুই ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়।
তদন্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, গত ২৭ অক্টোবর রাতে ধর্ষণের ঘটনা ঘটলেও ধর্ষকদের ভয়ে ওই দুই ছাত্রী বিষয়টি প্রকাশ করেননি। মঙ্গলবার রাতে তারা কোতোয়ালি থানায় মামলা করলে পুলিশ প্রধান আসামি আলমগীর কবীরকে গ্রেপ্তার করে।
মামলা অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ওই দুই ছাত্রী গত ২৭ অক্টোবর সন্ধ্যায় নোট আনতে মেরাজ ছাত্রাবাসে সহপাঠী নিমাই শর্মার কাছে যান। সেখানে যাওয়ার পর আলমগীর তাদের বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে যাওয়ার অনুরোধ করেন।
“তখন তারা ছাত্রাবাসের ভেতরে গেলে নিমাইয়ের কক্ষে তাদের আটকে এবং নিমাইকে পাশের কক্ষে বেঁধে রাখেন আলমগীর। পরে তার সহযোগী পলাশ, শাকিল, মানিক ও শাহ আলমকে ডেকে এনে দুই ছাত্রীকে রাতভর ধর্ষণ করেন।
“বিষয়টি কাউকে জানালে আরও ক্ষতি করার হুমকি দেওয়ায় তারা প্রথমে প্রকাশ করেননি। পরে মঙ্গলবার তারা বিষয়টি ইনস্টিটিউটের অধ্যক্ষকে জানান।”
ইনস্টিটিউটের অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, বিষয়টি জানার পর তিনি কোতোয়ালি থানায় যোগাযোগ করলে ওসি তাদের অভিযোগ দিতে বলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিমাই শর্মা।
কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, দুই শিক্ষার্থীর একজন বাদী হয়ে আলমগীর, পলাশ, শাকিল, মানিক ও শাহ আলমকে আসামি করে ধর্ষণ মামলা করেন। আলমগীরকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পলাতক রয়েছেন।
তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
