২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোলাগুলিতে’ নিহত বিএনপি নেতাকে তুলে নেওয়া হয়েছিল, দাবি পরিবারের

যশোরের মনিরামপুরে ‘দুইদল সন্ত্রাসীর’ গোলাগুলিতে এক ডজন মামলার আসামি স্থানীয় এক শ্রমিকদল নেতার নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ, যদিও পরিবার বলছে তুলে নিয়ে যাওয়ার কথা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 04:11 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

নিহত আনিসুর রহমান (৩৮) শ্রমিক দলের শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। ওই উপজেলার লাউড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তিনি।

স্বজনদের দাবি, রোববার ‘সাদা পোশাকের পুলিশ’ আনিসকে ধরে নিয়ে যায়। বুধবার সকালে তারা আনিসের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে আছে বলে খবর পান।

অন‌্যদিকে মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলছেন, আনিসকে তারা আটক করেননি। এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টায় ‘স্থানীয় সন্ত্রাসীদের’ গোলাগোলিতে তার মৃত‌্যু হয়েছে। 

আনিসুরের বিরুদ্ধে কৃষকলীগ নেতা শফি কামাল ও যুবলীগ কর্মী শাহীন হত্যাসহ ১২টি মামলা রয়েছে বলে জানান বিপ্লব।

ঘটনার বর্ননায় এ পুলিশ কর্মকর্তা বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে বেগারিতলা এলাকায় ‘সন্ত্রাসী’ মিজান-মাহফুজ ও আনিসুর পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

সেখানে আনিসুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনিসুরের মৃত্যু হয় বলে ওসির ভাষ্য। 

ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধারের কথাও তিনি জানিয়েছেন।

আনিসুরের ভাই আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই মনিরামপুর বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন। ৩০ অক্টোবর ভোরে ‘সাদা পোশাকের পুলিশ’ গিয়ে তাকে ধরে নিয়ে যায়।

“সোমবার সকালে আনিসকে দেখতে থানায় গেলে তারা বলে, তাকে যশোর ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।”

আনিসুরসহ তার পরিবারের সদস্যরা সবাই বিএনপির রাজনীতি সঙ্গে সম্পৃক্ত বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।