গাজীপুরে ট্রাক উল্টে মুরগি বিক্রেতার মৃত্যু
গাজীপুরে ময়দাভর্তি ট্রাক উল্টে এক মুরগি বিক্রেতার মৃত্যু হয়েছে।
সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম।
নিহত বিল্লাল হোসেন সরকার (৫১) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চরছেচড় পাড়া এলাকার সিরাজুল ইসলাম সরকারের ছেলে।
এসআই সালাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ময়দাভর্তি ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।ট্রাকের ময়দার বস্তার ওপর বসে মুরগি নিয়ে যাচ্ছিলেন বিল্লাল হোসেন।
“ট্রাকটি ধীরাশ্রম এলাকায় পৌঁছে উল্টে গেলে ময়দার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে পুলিশ গিয়ে রেকার দিয়ে ট্রাক ও বস্তা সরিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে চালক নিখোঁজ রয়েছে বলে জানান এসআই সালাম।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
