গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।
মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুর বাজারের মাছবাজার সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে।
নিহত টুটুল (৩৫) জয়দেবপুর বাজারে ফুটপাতে স্টেশনারি মালামালের ব্যবসা করতেন। তিনি জয়দেবপুর বাজার সংলগ্ন মুন্সিপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যবসায়ী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৭-৮ জন লোক রাস্তার পাশে টুটুলকে ঘেরাও করে কোপাতে থাকে। এক পর্যায়ে তারা টুটুলের গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, সন্ধ্যায় তাদের মুন্সিপাড়া বাড়ি থেকে পার্শ্ববর্তী বিলাশপুর এলাকায় ভাড়া বাসায় তাকে নামিয়ে দিয়ে টুটুল জয়দেবপুর বাজারে ফিরছিলেন। কিছুক্ষণ পর এ হত্যার খবর পান তিনি।
তিনি জানান, ৩/৪ দিন আগে টুটুল তাকে জানিয়েছিলেন তার (টুটুলের) মামাত ভাই আকাশের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া হয়েছে।
এর জেরে হত্যা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তার ধারণা।
নিহতের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন জানান, টুটুল জয়দেবপুর বাজারের স্বর্ণপট্টি এলাকায় ফুটপাতে স্টেশনারি মালামালের ব্যবসা করতেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সন্ধ্যার পর জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।
