ঠাকুরগাঁওয়ে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকের ঝুলন্ত লাশ
ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারগুন ইউনিয়নের দৌলতপুর সরকারপাড়া গ্রামের বাসিন্দা মকবুল হোসেন মন্টুকে (৫৫) হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
সদর থানার এসআই রাশেদুল আলম চৌধুরী বলেন, সরকারপাড়ার পাশের গ্রাম ডোডাপাড়ায় মঙ্গলবার সকালে স্থানীয়রা মন্টুর লাশ দেখতে পায়।
পরে পুলিশ গিয়ে গলায় রশি দিয়ে ঝোলানো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বলে তিনি জানান।
মকবুলের স্ত্রী বাচ্চাই আক্তার অভিযোগ করেন, “সোমবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী সেরেকুল ইসলামের সমর্থক বিষু, আনোয়ার ও ইয়াকুবসহ বেশ কয়েকজন যুবক আমার বাড়িতে হামলা চালায়।
“তারা আমাকে ও আমার স্বামী মকবুলকে বেধড়ক মারধর করে। এ সময় স্বামী একদিকে আর আমি আরেকদিকে পালিয়ে যাই। তারা আমার স্বামীর পিছন পিছন ধাওয়া করে।”
বিএনপির প্রার্থী বিজয়ী চেয়ারম্যান পয়গাম আলী বলেন, মকবুল হোসেন মন্টু বিএনপির সক্রিয় কর্মী। এ কারণে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী সেরেকুল ইসলামের সমর্থকরা তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে।
আওয়ামী লীগের পরাজিত প্রার্থী সেরেকুল ইসলাম ‘বিষ্ণু, আনোয়ার ও ইয়াকুব দলের ছেলে’ বলে স্বীকার করলেও এ ঘটনায় তিনি কোনো মন্তব্য করতে রাজি না বলে জানান।
সদর থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কয়েক মাস আগে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় অনিয়মের অভিযোগে কিছু ইউনিয়ন ও কিছু কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। সোমবার সেসব কেন্দ্রে পুনর্নির্বাচন হলে নারগুন ইউনিয়নে বিএনপির প্রার্থী পয়গাম আলী চেয়ারম্যান হন।
