বগুড়ায় ছেলে হত্যায় বাবার যাবজ্জীবন
বগুড়ার শেরপুর উপজেলায় নিজের শিশুপুত্রকে কুপিয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ আ ম মো. সাঈদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত বিধান চন্দ্র সরকার উপজেলার দারুগ্রামের মৃত শিনিস চন্দ্র সরকারের ছেলে।
একইসঙ্গে আদলত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল মতিন জানান।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, বিধান চন্দ্র সরকার মাদকাসক্ত। তিনি কোনো কাজ করতেন না। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন।
“২০১৫ সালের ৩১ অগাস্ট স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে ছেলে দুর্জয়কে (১০) ঘরের মধ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বিধান। এরপর পালানোর সময় রক্ত মাখা অবস্থায় গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়।”
এ ঘটনায় স্ত্রী আগমনী সরকার বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে বিধানকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
