রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ বিজ্ঞান অনুষদের (সি ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় বলে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণদেরকে আগামী ০৩ থেকে ১৬ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd এ বিভাগ পছন্দে ফরম পূরণ এবং পছন্দক্রমের প্রিন্টআউট স্বাক্ষর করে ২০ নভেম্বর বেলা ১টার মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে।
এ সময় পরীক্ষার্থী না আসলেও হবে উল্লেখ করে আরও বলা হয়, তবে নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম জমা দিতে ব্যর্থ হলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।
পছন্দক্রম ও মেধাক্রমানুসারে আগামী ২২ নভেম্বর ভর্তির জন্য চূড়ান্ত মনোনীতদের তালিকা অনুষদের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তাছাড়া অ-বিজ্ঞান এবং বিজ্ঞান গ্রুপের যেসব পরীক্ষার্থী শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ইচ্ছা প্রকাশ করেছে, তাদের মধ্যে উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষার সূচি আগামী ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আর পোষ্য কোটায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২২ নভেম্বর অনুষদের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তি সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া যথাক্রমে প্রক্টর, প্রধান চিকিৎসক ও ছাত্র উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালিত হবে।
